মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা::
শ্রীনগরে স্বামীর নির্যাতন সইতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহননের চেষ্টাকারী অগ্নিদগ্ধ গৃহবধু জিয়াসমিন বেগম (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ ই জুন শুক্রবার দুপুরে শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের সেলামতি গ্রামের সিরাজুল ইসলাম তার স্ত্রী জিয়াসমিন (৩৮) এর উপর শারীরীক ও মানসিক নির্যাতন চালায়। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে সে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রতিবেশীরা উদ্ধার করার আগেই তার গায়ের বেশীর ভাগ অংশ পুড়ে যায়। পরে জিয়াসমিনের পরিবারের লোকজন তার শ্বশুর বাড়ি থেকে তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার সকাল ৮ টায় তার মৃত্যু হয়। জিয়াসমিন কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মন পাইকসা গ্রামের মৃত আঃ আজিজ চৌধুরীর মেয়ে। প্রায় ২৩ বছর পূর্বে সেলামতি গ্রামের সিরাজুল ইসলামের সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে প্রতিবন্ধী ১ মেয়ে ও মালয়েশিয়া প্রবাসী ১ ছেলে রয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী জানান, ঘটনার পর থেকে জিয়াসমিনের স্বামী পলাতক রয়েছে। তিনি আরও বলেন, এঘটনায় সোমবার (১০ জুন) রাতে জিয়াসমিনের বড় ভাই মোঃ সিরাজুল ইসলাম আরিফ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (খ) ধারায় মামলা করেন।