মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

শ্রীনগরে প্রসূতির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি::

শ্রীনগর উপজেলার ঝুমুর হল সংলগ্ন বিক্রমপুর হাসপাতাল ও ডায়াগনোষ্টিক সেন্টার ক্লিনিকে প্রসূতির মৃত্যু হয়। এঘটনায় প্রসূতি লাবনী আক্তারের স্বামী মোঃ মুহিন বাদী হয়ে ক্লিনিকের মালিক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার মন্ডলকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দিন বিকালে লৌহজং উপজেলার কনকসার এলাকার বেঁদে সম্প্রদায়ের লাবনী আক্তারকে (২৬) দ্বিতীয় সন্তান প্রসবের জন্য ক্লিনিকটিতে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লাবনী আক্তারকে ওটি রুমে নিয়ে যাওয়া হয়। এর এক ঘন্টা পরে ডাক্তাররা কৌশলে এম্বুল্যান্স ডেকে এনে লাবনীকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি শুরু করে। এসময় স্বজনরা লক্ষ করেণ লাবনী আক্তার মারা গেছেন। তারা বিষয়টি নিয়ে কথা তোললে হাসপাতালের মালিক ও ডাক্তার প্রদীপ কুমার মন্ডল সহ ৩ থেকে ৪ জন পালিয়ে যায়। পরে পুলিশ এসে ওটি সহকারী সঞ্জয় রায়, নার্স রিতা আক্তার ও সুমনাকে আটক করে। লাবনী আক্তারের ৮ বছর বয়সী সন্তান রয়েছে।

লাবনীর স্বজনরা জানান, সিজারের জন্য ক্লিনিকটির সাথে তাদের ১৩ হাজার টাকায় চুক্তি হয়। পরে লাবনীকে ওটি রুমে নেওয়ার আগেই বিভিন্ন অজুহাতে ক্লিনিক কর্তৃপক্ষ তাদের কাছ থেকে ১৭ হাজার টাকা হাতিয়ে নেয়। স্বজনরা আরো বলেন, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে লাবনীর সাথে অনাগত সন্তানটিও মারা গেল।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহন করে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com