মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শ্রীনগরে চাঁদা না পেয়ে ইয়াসমিন দেলোয়ার হাসপাতালে যুবলীগ নেতার হামলা

মোঃ রেজাউল করিম রয়েল,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

শ্রীনগরে চাঁদা না পেয়ে ইয়াসমিন দেলোয়ার হাসপাতালে যুবলীগ নেতার নেতৃত্বে হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় তারা হাসপাতালটির টেকনেশিয়ানকে শারীরীক ভাবে লাঞ্চিত করে।

শনিবার রাতে উপজেলার ষোলঘর বাসষ্ট্যান্ড সংলগ্ন হাসপাতালটিতে এঘটনা ঘটে।

শ্রীনগর উপজেলার সবচেয়ে বড় বেসরকারী হাসপাতাল হিসেবে কয়েক বছর আগে ইয়াসমিন দেলোয়ার হাসপাতালটি আত্ম প্রকাশ করে।

হাসপাতালটির পরিচালক মোঃ রবিণ জানান, ষোলঘর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনিল আহমেদ জয়ের নেতৃত্বে মাদক সহ একাধিক মামলার আসামী ইমরাণ হোসেন, আকাল বাবু, একই এলাকার হাবিবুর রহমান ও আঃ আলীম সহ বেশ কয়েকজন মিলে বিভিন্ন অজুহাতে প্রায়ই চাঁদা নিত। কয়েকদিন আগে জয় পিকনিকে যাওয়ার জন্য নতুন করে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় শনিবার সন্ধ্যায় সিফাত নামে এক রোগীর আত্মীয় পরিচয় দিয়ে হাসপাতালে প্রবেশ করে তাৎক্ষনিক ভাবে রক্ত পরীক্ষার রিপোর্ট তৈরি করে দিতে বলে। দ্রুত রিপোর্ট দেওয়া সম্ভন নয় জানালে জয় হাসপাতালের টেকনেশিয়ান মোঃ রিপনকে মারধর করে। এতেও ক্ষান্ত না হয়ে সে তার সহযোগীদের ফোন দেয়। পরে ২০ থেকে ৩৫ টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা হাসপাতালে প্রবেশ করে উত্তেজনা তৈরি করে। এসময় ভয়ে রুগীরা হাসপাতল ত্যাগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব আসলে তারা পালিয়ে যায়। রবিণ দাবী করেণ ঘটনার সব ফুটেজ হাসপাতালের সিসি ক্যামেরায় সংরক্ষিত আছে।

হাসপাতালে পরীক্ষা করাতে আসা সিফাত জানান, যুবলীগ নেতা জয় তার আত্মীয় নয়। ওই সময় সে আগবাড়িয়ে কথা বলতে শুরু করে।

যুবলীগ নেতা অনিল আহমেদ জয় বলেন, চাঁদা দাবীর বিষয়টি সঠিক নয়। তাছাড়া সিফাত আমার আত্মীয়। সিফাত তাকে আত্মীয় বলে স্বীকার করছেনা জানালে তিনি বলেন, রাজনৈতিক নেতা হিসাবে এলাকার অনেক কিছুই দেখতে হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com