বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শ্রীনগরে কুখ্যাত ডাকাত তাজুল ইসলাম পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত

মোঃ রেজাউল করিম রযেল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥

শ্রীনগরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী তাজেল বাহিনীর প্রধান তাজুল ইসলাম ওরফে তাজেল (৩৬) নিহত হয়েছে। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, ডাকাতি সহ ১০টি মামলার ওয়ারেন্ট ছিল।

শুক্রবার রাত সোয়া ১ টার দিকে উপজেলার পশ্চিম বাড়ৈখালী এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এক নলা বন্দুক, তিন রাউন্ড গুলি, ১০৫ পিস ইয়াবা ও ৩টি ছোড়া উদ্ধার করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাজেলকে যশোরের মনিরামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাতে তাজেলকে নিয়ে পশ্চিম বাড়ৈখালী এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে যায় পুলিশ। এসময় তাজেল বাহিনীর লোকজন পুলিশের গাড়িতে গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এসময় তাজেল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সে গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় শ্রীনগর থানার এএসআই আবু কায়সার, কন্সটেবল সজল ও শহীদ আহত হয়। তারা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাজেলের বিরুদ্ধে শ্রীনগর, ঢাকার দোহার, নবাবগঞ্জ সহ বিভিন্ন থানায় ১টি খুন, ২টি ডাকাতি, ২টি অস্ত্র, ১টি দস্যুতা, পুলিশের উপর আক্রমন ও মাদকসহ ১০টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে উপজেলার বাঘড়া এলাকার ত্রাস হিসাবে পরিচিত ছিল। তাজেল বাহিনী আড়িয়ল বিল এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। গত ২৯ জুলাই আড়িয়ল বিল এলাকায় তাজেল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সোহরাব র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। সে তাজেলের সৎ ভাই। তাজেল বাঘড়া এলাকার দ্বীন ইসলামের ছেলে। তার সৎ বাবার নাম মোঃ ইউনুচ বেপারী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com