বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শ্রীনগরে একই পরিবারের ৩ জন পঙ্গু: অষ্টাদশী মেয়ের চিকিৎসার জন্য বাবার আর্তি

শ্রীনগর ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি:  অন্য দশটি মেয়ের মতই উচ্ছল জীবন ছিল অষ্টাদশী পপি আক্তার পলির। মাঝে মাঝে হাটা চলা করার সময় কোমরে ব্যাথা হলেও তেমন পাত্তা দিতনা। সেই ব্যাথা থেকে একদিন ঘুম থেকে উঠে আর হাটতে পারছিলনা। অভাবের সংসারে পঙ্গু দাদী ও বাবার সাথে পঙ্গু হিসাবে যোগ হলো সে নিজে। পরিবারের ৬ সদস্যের মধ্যে ৩ জনই পঙ্গু হওয়ায় পরিবারটিতে নেমে এসেছে ঘোর অন্ধকার।
শ্রীনগর উপজেলা পরিষদ সংলগ্ন একটি খুপরী ঘরে ভাড়া থাকে পলির পরিবার। সেখানেই প্রায় ৫ মাস ধরে বিছানায় পরে আছে পলি (১৮)। পলির বাবা আয়নাল কাজী জানান, পলি সুস্থ্য ও স্বাভাবিক ছিল। মাঝে মাঝে বলত কোমরে ব্যাথা করে। হঠাৎ একদিন বিছানা থেকে উঠতে না পারায় তাকে প্রথমে মিডফোর্ট হাসপাতালে পরে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তাররা জানান পলির কোমরের ডিস্ক সরে যাওয়ায় সে হাটতে পারছেনা। চিকিৎসার জন্য প্রায় আড়াই লাখ টাকার প্রয়োজন। ডাক্তারের কথা শুনে অসহায় আয়নাল কাজী মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসেন। আয়নাল কাজী জানান, তার স্থায়ী ঠিকানা মাদারীপুরের শিলারচর গ্রামে। সেখানে সম্পদ বলতে কিছু নেই। জিবীকার টানে প্রায় ১৫ বছর আগে শ্রীনগর চলে আসেন। দিন মজুরী কাজ করে সংসার চালাতেন। ১২ বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখনো তিনি ক্রেচে ভর দিয়ে হাটেন। কয়েক বছর ধরে ঘরে তার বৃদ্ধ মা পঙ্গু হয়ে বিছানায় পরে আছে । তার উপর বিয়ের বয়সী মেয়ের এই অবস্থায় কি করবেন তা ভেবে পাচ্ছেননা। স্ত্রী অন্যের বাসায় কাজ করে। অভাবের তাড়নায় ছোট দুটো ছেলের লেখাপড়া বাদ দিয়ে কাজে দিয়েছেন। নিজে আগে ভিক্ষা করে সংসার চালাতেন। কিন্তু মেয়ে বড় হয়েছে তাকে বিয়ে দিতে হবে ভেবে ভিক্ষা ছেড়ে দেন। ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের সামনে অস্থায়ী ভাবে বসে ডাল পুরি বিক্রি করেন। স্কুল বন্ধ থাকলে সারা দিনের খাবার জোটেনা। অনাহারে অর্ধাহারে দিন কাটান। এই সামান্য আয়ে যেখানে সংসার চালানো দুরহ সেখানে ৩ জন পঙ্গু মানুষের চিকিৎসা ব্যায় তিনি কিভাবে মিটাবেন বলেই কান্নায় ভেঙ্গে পরেন। তারপরও তিনি চান মা ও নিজের কথা বাদ দিয়ে যদি মেয়েটার চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসত তাহলে হয়তো মেয়েটা আবার হাটতে পারত। মেয়ের চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহাজ্য প্রার্থনা করেন। সাহাজ্য পাঠানোর ঠিকানা, পপি আক্তার পলি, পিতাঃ আয়নাল কাজী, শ্রীনগর উপজেলা পরিষদ সংলগ্ন, মোবাইলঃ ০১৭৪৮৫৬৬৩৫৬ (বিকাশ)।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com