বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শাশুড়িকে দাফন শেষে ফেরার পথে জামাইয়ের মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শাশুড়িকে দাফন করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস সামাদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মর্জিনা বেগম (৪৫) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২০ মে) রাত প্রায় ৯টার দিকে উপজেলার মীরডাঙ্গী টেকিয়া-মহেশপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার গান্ডিগাড়ী গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় চিকিৎসক আবুল কাশেমের চাচাতো ভাই বলে পরিবার জানিয়েছে।

নিহতের ভাই আব্দুল কাদের বলেন, পরিবারের সদস্যরা রাণীশংকৈল উপজেলার জওগাঁও গ্রামে তাঁদের এক আত্মীয়ের দাফনে অংশ নিতে যান। দাফন শেষে তিন ভাই পৃথক মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মীরডাঙ্গী টেকিয়া-মহেশপুর এলাকায় সড়কের ওপর একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। এ সময় আব্দুস সামাদের মোটরসাইকেলটি ট্রাক্টরের পেছনে ধাক্কা খেলে তিনি ও তাঁর স্ত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আব্দুস সামাদের মৃত্যু হয়। আহত মর্জিনা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com