মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে নাশকতা, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এবং সীমান্ত ও পার্বত্য এলাকার অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসব ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুস্পষ্ট ব্যাখ্যা ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সাম্প্রতিক সময়ে আর্মি ক্লাবের সীমানা, এসবি সদর দপ্তর, থানা গেট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। একই সঙ্গে পার্বত্য অঞ্চল ও সীমান্তে সন্ত্রাসবিরোধী অভিযানে এক সেনা সদস্যের মৃত্যু এবং সাজেকের অস্থিতিশীল পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়িয়েছে। এ ছাড়া গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, দেশে একাধিক শক্তিশালী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় থাকার পরও এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার কিংবা জবাবদিহির আওতায় আনার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক এবং এতে দেশের সামগ্রিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদের পতন এবং জনগণের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত পরিবর্তনের পর দেশে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি কিংবা ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া যাবে না। সরকারের পরস্পরবিরোধী বক্তব্য এবং গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব পালনে ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হলে বিরোধী দল চুপ করে বসে থাকবে না। তবে দেশের বৃহত্তর স্বার্থে সরকার প্রয়োজন মনে করলে বিরোধী দল গঠনমূলক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
তিনি অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরা এবং নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।