মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
মা শর্মিলা ঠাকুর ও মেয়ে সাবা আলী খান অনলাইন ডেস্ক : বয়স পঞ্চাশের কাছাকাছি। জীবনে এখনো খুঁজে পাননি পছন্দের জীবনসঙ্গী। পরিবারের উদ্যোগে একাধিকবার বিয়ের জন্য পাত্রের সঙ্গে পরিচয় হলেও শেষ পর্যন্ত কারও সঙ্গে সম্পর্কের বন্ধনে জড়ানো হয়নি। এবার নিজের প্রেম, বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মেয়ে সাবা আলী খান পটৌদি।
সাবার স্পষ্ট বক্তব্য, বয়স হয়েছে বলেই বিয়ে করতে হবে—এমন চিন্তায় বিশ্বাসী নন তিনি। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকেই চান, যার সঙ্গে চিন্তাভাবনা, মানসিকতা ও জীবনদর্শনের মিল থাকবে।
সাধারণত প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করেন সাবা। অভিনয়জগতের পরিবর্তে নিজের কর্মজীবনে বেছে নিয়েছেন ভিন্ন পথ। তিনি পেশায় একজন গয়না নকশাকার। পাশাপাশি ট্যারো কার্ড পাঠ ও বিভিন্ন আধ্যাত্মিক চর্চার সঙ্গেও যুক্ত রয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে সাবা জানান, এখন পর্যন্ত কোনো প্রেমের সম্পর্কে জড়াননি তিনি। ১৮-১৯ বছর বয়স থেকেই পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য বিভিন্ন পাত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তবে কারও সঙ্গেই শেষ পর্যন্ত সম্পর্কের বিষয়টি এগোয়নি। নিজের পছন্দ ও প্রত্যাশার সঙ্গে মানানসই কাউকে না পাওয়াই এর প্রধান কারণ।
জীবনসঙ্গীর ক্ষেত্রে বাবার ব্যক্তিত্বও তাকে বিশেষভাবে প্রভাবিত করেছে বলে জানান সাবা। বাবার আত্মবিশ্বাস, দায়িত্বশীলতা, নম্রতা ও ব্যক্তিত্বের মতো গুণাবলি তিনি অন্য একজন মানুষের মধ্যেও খুঁজেছেন।
শৈশব থেকেই স্বাধীনভাবে চলতে এবং নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে অভ্যস্ত সাবা। তাই এমন একজন মানুষকে পাশে চান, যিনি তার ব্যক্তিস্বাধীনতাকে সম্মান করবেন, নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবেন এবং সম্পর্কের প্রতি আন্তরিকতা বজায় রাখবেন।
তবে জীবনে ভালোবাসা কিংবা বিয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি। সাবার মতে, পঞ্চাশ বছর বয়সেও নতুন করে ভালোবাসা খুঁজে পাওয়ার সুযোগ রয়েছে। কখনো কখনো জীবনে একজন সঙ্গীর অভাব অনুভব করেন বলেও স্বীকার করেছেন তিনি। একসঙ্গে জীবনের পথ চলার মতো একজন মানুষ থাকলে ভালো লাগত—এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন।
সাবার কাছে বিয়ের চেয়ে গুরুত্বপূর্ণ পারস্পরিক বোঝাপড়া ও সম্মান। সামাজিক প্রত্যাশা কিংবা বয়সের হিসাব মেলাতে গিয়ে কোনো সম্পর্কে জড়াতে চান না তিনি। অর্থসম্পদ বা বাহ্যিক সৌন্দর্যের পরিবর্তে মানুষের ব্যক্তিত্ব, মানসিকতা ও দায়িত্ববোধকেই জীবনসঙ্গী নির্বাচনের প্রধান মাপকাঠি মনে করেন এই তারকা-কন্যা।
সূত্র: আনন্দবাজার