বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শরীয়তপুরে বৈশাখী শোভাযাত্রা উদযাপন

মোঃ নাসির খান, শরীয়তপুর প্রতিবেদক:: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় নানা শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

এতে সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ বর্ণিল সাজে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন উপকরণ, মুখোশ, ব্যানার ও প্ল্যাকার্ড উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবের আমেজ এবং মিলনমেলার আবহ।

আয়োজক সূত্রে জানা গেছে, নববর্ষ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা এবং বৈশাখী মেলা।

অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি উৎসবমুখর পরিবেশে সবাই একে অপরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। সব মিলিয়ে, শরীয়তপুরে বাংলা নববর্ষ উদযাপন পরিণত হয়েছে আনন্দ, ঐতিহ্য ও সম্প্রীতির এক প্রাণবন্ত উৎসবে।

এছাড়াও শরীয়তপুরের জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে বিভিন্ন উৎসবমুখর কর্মসূচির মধ্য দিয়ে একযোগে দিনটি উদযাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com