শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শপথের আশায় বিএনপির আমিনুল ও হারুন

নিজস্ব প্রতিবেদক::

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের শপথ নেওয়ার আজ শেষ দিন, সোমবার (২৯ এপ্রিল) রাত ১২টায় শেষ হবে এ সময়। তবে কেউ আবেদন করলে শপথের সময় বাড়াতে পারেন স্পিকার।

শপথের শেষ দিনে এসেও স্পষ্ট করে কোনও সিদ্ধান্ত নিতে পারেননি বিএনপির নির্বাচিত দু’জন। দল থেকে পরিষ্কার ভাষায় শপথের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে দেওয়া হলেও আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২) এবং হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩) সন্দিহান। তারা এখনও দলের নির্দেশনার অপেক্ষায় আছেন।

বাকিদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিচ্ছেন না, তা পরিষ্কার হলেও আবদুস সাত্তার ভুঁইয়া (ব্রাহ্মণবাড়িয়া-২) ও মোশাররফ হোসেনের (বগুড়া-৪) কোনও খোঁজ নেই। সোমবার (২৯ এপ্রিল) সকাল থেকেই তাদের সেলফোন বন্ধ রয়েছে। তবে তাদের শপথ নেওয়ার বিষয়টি এখনও ধোঁয়াশাচ্ছন্ন।

সোমবার দুপুর ২টার দিকে আমিনুল ইসলাম বলেন, ‘আমরা তো বসে আছিরে ভাই, শপথ নেওয়ার সম্ভাবনার জন্যই তো। এখন সবকিছু আল্লাহর হাতে।’

মন্তব্যের শেষ দিকে আমিনুল ইসলাম বলেন, ‘আমি আমার অফিসে বসে আছি। এখনও দলের সিদ্ধান্তেই আছি।’

হারুনুর রশীদ বলেন, ‘দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখি কী হয়।’

বিএনপি থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্য হলেন— চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৬ আসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভুঁইয়া, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ (বহিষ্কৃত)। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ছয় প্রার্থীর মধ্যে আগেই শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ। শপথ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এরইমধ্যে সোমবার দুপুরের পর জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ কথা বলবেন বিএনপির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘শপথ না নেওয়ার বিষয়ে দলের সিদ্ধান্ত আছে। কেউ শপথ নিলে দলের সিদ্ধান্ত রয়েছে বহিষ্কারের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com