শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

লকডাউনে পরিবার নিয়ে বিপাকে অটোরিকশা চালকরা

স্টাফ রিপোর্টারঃ প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে কার্যত অঘোষিত লকডাউনের কবলে। এতে করে থেমে গেছে অর্থনীতির চাকা। ফলে এ সময় কর্মহীন হয়ে পড়া সিএনজি অটোরিকশা চালকরা পরিবার-পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। এমতাবস্তায় বেঁচে থাকার জন্য তারা সরকারের কাছে সহায়তা চেয়েছেন।

এর আগে ২৬ মার্চ থেকে সারাদেশে সকল ধরনের যান বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। ওই দিনই করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সরকারি ছুটি ঘোষণা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

দেশের অটোরিকশা চালকরা দৈনিক হিসাবে গাড়ি চালান। আর সেই আয় দিয়ে তাদের পরিবারের খরচ মেটান। কিন্তু লকডাউনের কারণে সেই উপার্জনের পথ বন্ধ। ফলে পরিবার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। একজন অটোরিকশা চালক তার গাড়ির দৈনিক ব্যয় ও মালিকের জমা দিয়ে প্রতিদিন ৫০০ টাকার মতো আয় করেন।

অটোরিকশা চালক জুলহাস পরিবার নিয়ে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় থাকেন। তিনি বলেন, ‘আমরা দৈনিক ভিত্তিক আয় করি। ২৬ মার্চ চলাচলে নিষেধাজ্ঞা জারির পরে গাড়ি নিয়ে বের হতে না পারায় আমাদের আয়ও বন্ধ হয়ে গেছে। এখন পরিবারের জন্য খাদ্য এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার মতো কোনো টাকা নেই।

একই কথা জানান অটোরিকশা চালক ইব্রাহিম। তিনি মিরপুর-১৩’তে থাকেন। ইব্রাহিম জানান, সাধারণ ছুটি ঘোষণার পর থেকে এ অবস্থায় বেঁচে থাকতে কিছু সহায়তার জন্য তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলরের সাথে যোগাযোগের চেষ্টা করছেন।

সারাদেশে প্রায় পাঁচ লাখ বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী চালক রয়েছেন বলে জানায় তিন-চাকার চালকদের প্রতিনিধিত্ব করা সংগঠন ‘বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পো ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের (বিএএটিডব্লিউএফ)’।

সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, ‘আমাদের সবার অবস্থা প্রায় একই রকমের। নিত্যদিনের খরচ চালানোর মতো টাকা-পয়সা এখন আর নেই।’

তিনি আরো বলেন, ‘ঢাকা শহরে প্রায় ১৫ হাজার এবং চট্টগ্রাম শহরে ৩০ হাজারেরও বেশি সিএনজি অটোরিকশা চালক রয়েছেন।’

বিএএটিডব্লিউএফের নেতা ফারুক বলেন, ‘সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় ত্রাণ ও সহায়তার জন্য তারা ঢাকা ও চট্টগ্রামের জেলা প্রশাসকের (ডিসি) সাথে যোগাযোগ করেছেন। তবে জেলা প্রশাসকেরা তাদের জানিয়েছেন ঢাকা ও চট্টগ্রাম শহরের জন্য যদি কোনো ত্রাণ বা আর্থিক সহায়তা বরাদ্দ দেয়া হয় তবে তা সিটি করপোরেশন এবং ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে বিতরণ করা হবে।’ তাদের সংগঠনের পক্ষে থেকে করা অনুরোধে অন্যান্য জেলার জেলা প্রশাসকেরা সায় দিয়েছেন বলেও জানান তিনি।

জেলা প্রশাসকেরা চালকদের নামের তালিকা চেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘তবে, ত্রাণ সহায়তার জন্য আমাদের জেলা পর্যায়ের নেতাদের স্থানীয় ইউএনও এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করার পরামর্শও দিয়েছেন।’

এছাড়ও এসব চালক এবং অন্য কর্মীদের জন্য বিশেষ বরাদ্দ চেয়ে বিএএটিডব্লিউয়ের পক্ষে গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি আবেদন করেছেন সংগঠনটির নেতারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com