শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ

একুশের কণ্ঠ প্রতিবেদন:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আজকের এই লংমার্চ ১১ দলের লংমার্চ নয়, এটা বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লংমার্চ। আমরা শান্তিপূর্ণভাবে লংমার্চ পালন করব। যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে লংমার্চের ছয় দফা এক দফায় পরিণত হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সারা বাংলাদেশের মানুষ ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগের উদ্দেশে লংমার্চের যাত্রা শুরু করেছি, নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, সেই পথ বন্ধ করার জন্য।

তিনি বলেন, আমাদের লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে। যারা তেল, গ্যাস, বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে। যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সাথে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে।

এনসিপির আহ্বায়ক আরো বলেন, ঐতিহাসিক এই লংমার্চের জন্য আপনারা আমাদের দোয়ায় রাখবেন। যত বাধাবিপত্তি আসুক না কেন, আমাদের লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবেই ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com