শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে আ’লীগের সংলাপ সোমবার

বিশেষ প্রতিবেদক:: নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে আগামীকাল সোমবার অংশ নেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেবে।

আগামীকাল সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের প্রতিনিধিদলের সদস্যরা হলেন- আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ এবং সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে গত ২০ ডিসেম্বর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টিকে দিয়ে শুরু হয় সংলাপ। মোট ৩১টি দলকে সংলাপে আমন্ত্রণ জানালেও এর মধ্যে বিএনপি, সিপিবিসহ পাঁচটি দল সংলাপ বর্জন করেছে।

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। তার মধ্যেই রাষ্ট্রপতিকে নতুন কমিশন গঠন করতে হবে। নতুন নির্বাচন কমিশনের ওপরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ পরবর্তী পাঁচ বছরের সব ধরনের নির্বাচনের দায়িত্ব থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com