শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

রজনীকান্ত অভিনয়ে ইতি টানছেন!

বিনোদন ডেস্ক:: তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনয় থেকে অবসর নিতে যাচ্ছেন। পঁচাত্তর বছর বয়সি এই অভিনেতা তার ক্যারিয়ারের ১৭৫তম সিনেমার কাজ শেষ করে লাইট-ক্যামেরা-অ্যাকশনকে বিদায় জানাবেন। তামিল গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সিয়াসাত ডটকম।

এ প্রতিবেদনে বলা হয়েছে, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর চর্চা চলছে- রজনীকান্ত তার ১৭৫তম সিনেমার কাজ শেষ করার পর অভিনয় থেকে অবসর নেবেন। ৭৫ বছর বয়সে অতিরিক্ত মানসিক চাপে আছেন রজনীকান্ত। ফলে আর সিনেমায় অভিনয় করতে চান না তিনি। যদিও তার হাতে ‘জেলার টু’, ‘কেএইচএক্সআরকে’, ‘ধরমান’ সিনেমার কাজ রয়েছে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি রজনীকান্ত কিংবা তার টিম।

অবসরের গুঞ্জন থাকলেও রজনীকান্তের এখন ব্যস্ত সময়সূচি। বর্তমানে পরিচালক নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার টু’ সিনেমার মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। আগামী ১৫ অক্টোবর এটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এরপর পরিচালক অশ্বত মারিমুথুর ‘ধরমান’ (১৭৩তম সিনেমা) সিনেমায় অভিনয় করবেন।

জানা যায়, ‘তালাইভা’ রজনীকান্তের ১৭৪তম সিনেমা। এতে কমল হাসানও অভিনয় করবেন। তবে ১৭৫তম সিনেমা কোনটি তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কেউ কেউ বলছেন, রজনীকান্তের ১৭৫তম সিনেমা পরিচালনা করবেন বিবেক আত্রেয়া। আবার কেউ কেউ বলেছেন, অন্য একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রজনীকান্ত, সেটিই হবে তার ১৭৫তম সিনেমা।

এবারই প্রথম নয়, ২০০২ সালেও তার অভিনয় ছেড়ে দেওয়ার গুঞ্জন চাউর হয়েছিল। একই বছর তার অভিনীত ‘বাবা’ সিনেমা মুক্তির পর বক্স অফিসে ব্যর্থ হয়। এরপরই তার অভিনয় ছাড়ার গুঞ্জন চাউর হয়। যদিও তিনি বিরতি নিয়ে আবার সিনেমায় ফিরেন।

রজনীকান্ত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি’। গত বছরের ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন বরেণ্য অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি ও বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তামিল ভাষার এ সিনেমা পরিচালনা করেন লোকেশ কঙ্গরাজ।

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন। তার জীবনের প্রতিটি বাঁকে রয়েছে সংগ্রাম। কারণ বাস কন্ডাক্টর থেকে কিংবদন্তি অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রজনীকান্ত। যশ-খ্যাতি যেমন কুড়িয়েছেন, তেমনই অঢেল সম্পদের মালিকও দক্ষিণের এই সুপারস্টার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com