শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

রংপুর-৩ আসন: আ’লীগের মনোনয়ন বিক্রি শুরু আজ

নিজস্ব প্রতিবেদক::

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে আজ।

রোববার বিকালে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ২, ৩ ও ৪ সেপ্টেম্বর যথাক্রমে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

সংগৃহীত ফরম পূরণ করে আগামী বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার মধ্যে জমা দেয়া যাবে।

১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

রোববার ওই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।

এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। ৫ অক্টোবর হবে ভোট গ্রহণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com