মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

যৌতুক নিয়ে মিথ্যা মামলা করলে কারাদণ্ড

একুশের কণ্ঠ অনলাইন:: যৌতুক নিরোধ আইন-২০১৮ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।

মোহাম্মদ শফিউল আলম বলেন, খসড়া আইনে যৌতুক নিয়ে মিথ্যা মামলা করলে সর্বোচ্চ ৫ বছরের জেল বা ৫০ হাজার টাকার জরিমানার বিধান রাখা হয়েছে। আগে মিথ্যা মামলার জন্য আইনে কোনো বিধান ছিল না। এখন থেকে মিথ্যা মামলা করলে শাস্তি হবে। এখন সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

তিনি আরো বলেন, ১৯৮০ সালে একটি আইন করা হয়। এটি ১৯৮২ সালে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে সংশোধন করা হয়। এরপর ১৯৮৪, ১৯৮৬ সালে সংশোধন করা হয় অর্ডিন্যান্স দিয়ে। এটাকে হালনাগাদ করার জন্য নতুন করে আইন করা হয়েছে।

সচিব বলেন, আগের আইনের ধারাগুলো নতুন আইনে একই রকম। কিছু জায়গায় সামান্য পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন অপরাধের শাস্তি আগের মতোই আছে। শুধু জরিমানার ক্ষেত্রে একটু পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, যৌতুক দাবির শাস্তি আগে ছিল এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড কিংবা জরিমানা। শাস্তি আগের মতো রেখে জরিমানা সর্বোচ্চ ৫০ হাজার টাকা নির্দিষ্ট (ফিক্সড) করে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com