মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

নগর উন্নয়নবিধি লঙ্ঘনের বিরুদ্ধে রাজউকের কঠোর অভিযান

নগর উন্নয়নবিধি লঙ্ঘনের বিরুদ্ধে রাজউকের কঠোর অভিযান

নিজস্ব প্রতিবেদক ॥

রাজধানীতে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে অনুমোদনহীন নির্মাণ ও নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ লক্ষ্যে ধোলাইপাড়, দনিয়া ও জুরাইন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদিত নকশা লঙ্ঘন, অবৈধ নির্মাণ ও অননুমোদিত বাণিজ্যিক কার্যক্রমের দায়ে জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

 সোমবার ২২ জুন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একাধিক ভবন পরিদর্শন করে গুরুতর অনিয়মের সত্যতা পাওয়া যায়।

ধোলাইপাড় প্রধান সড়কের মক্কা টাওয়ার ভবনে অনুমোদিত নকশার ব্যত্যয়ে নির্মাণকাজ চলতে থাকায় মালিকপক্ষকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৫ লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

রাজউক সূত্র জানায়, ভবনটিকে ২০১৯ সালে সতর্ক করা হয়েছিল এবং ২০২২ সালে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়। এরপরও অনিয়ম অব্যাহত থাকায় পুনরায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জুরাইনের লাল মিয়া সরদার রোডের একটি ভবনে অনুমোদনহীন নির্মাণের প্রমাণ পাওয়ায় ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

পরিদর্শনের সময় ভবনের নিচতলায় অবৈধভাবে একটি কারখানা পরিচালনার বিষয়টিও ধরা পড়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অনুমোদনহীন ভবনে শিল্পকারখানা পরিচালনা নগর উন্নয়নবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং জননিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ।

জুরাইন মুরাদপুর মাদ্রাসা রোডের একটি ভবনে অনুমোদিত নকশায় কোনো বাণিজ্যিক স্থাপনার অনুমতি না থাকলেও সেখানে দোকান পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ভবনের সব দোকানপাট অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং নকশাবহির্ভূত কার্যক্রম বন্ধ রেখে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

একই এলাকার আরেকটি ভবনে রাজউকের কোনো অনুমোদিত নকশা না থাকলেও দ্বিতীয় তলায় নির্মাণকাজ চলছিল। অভিযান চলাকালে অবৈধ নির্মাণসামগ্রী অপসারণ করা হয় এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ভবিষ্যতে কোনো নির্মাণকাজ না করার নির্দেশ দেওয়া হয়।

রাজউকের কর্মকর্তারা জানান, রাজধানীতে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে অনুমোদিত নকশা অনুসরণ করে ভবন নির্মাণ বাধ্যতামূলক। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ ভবনের কারণে জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই নিয়মিত তদারকি ও ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানান তারা।

নগর পরিকল্পনাবিদদের মতে, শুধু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নয়, নির্মাণের প্রতিটি ধাপে কার্যকর নজরদারি, জবাবদিহিতা এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা গেলে রাজধানীতে পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়ন আরও বেগবান হবে।

রাজউক জানিয়েছে, জনস্বার্থে নগর উন্নয়নবিধি বাস্তবায়নে রাজধানীজুড়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com