শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে আ.লীগ: কাদের

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসী একজন যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে নির্বাচন কমিশনের কর্মকর্তারা আওয়ামী লীগের প্রতিনিধি দলের উপস্থিতিতে রাষ্ট্রপতি পদে নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ।

রাষ্ট্রপতি পদে নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিন চুপপুকে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল একক বৈধ মনোনয়ন হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিনকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি ঘোষণা করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসী এমন একজন যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। রাষ্ট্রপতি পদে স্বাধীনতাবিরোধী কোনো অপশক্তিকে মনোনয়ন দেয়া হয়নি।’ ‘আমরা এমন কাউকে রাষ্ট্রপতি করিনি, যার নাম ইয়াজউদ্দিন, কার্যক্রমে ইয়েস উদ্দিন। ইয়েস মার্কা কোনো ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিইনি। টেররিজমে বিশ্বাস করে, আগুন সন্ত্রাসে বিশ্বাস করে এমন কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়নি।’

তিনি আরো বলেন, ‘সুশিক্ষিত, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিতে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি। যার ক্যারিয়ার, গোটা জীবনই বর্ণাঢ্য। এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি দেশের সংবিধান ও গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই রাষ্ট্রপতি নিয়ে তাদের কোনো আগ্রহ নেই।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com