রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রকে কৃষিসহ নানা খাতে বড় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক ॥
সারাদেশে সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে কৃষিপণ্য, ওয়্যারহাউজিং ও তথ্যপ্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রকে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে বাংলাদেশে খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পরীক্ষা পুনরায় শুরু এবং মার্কিন সংস্থা ডিএফসি-র মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শনিবার (১ আগস্ট ২০২৬) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের নেতৃত্বাধীন এক মার্কিন প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সাংবাদিকদের বিস্তারিত তথ্য নিশ্চিত করেন।

বিনিয়োগবান্ধব বাংলাদেশ ও ইতিবাচক ইঙ্গিত
সাক্ষাৎকালে বিশেষ দূত সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, “বর্তমানে বাংলাদেশে সার্বিক স্থিতিশীলতা ফিরে এসেছে।” এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ওপর থাকা ‘ট্রাভেল অ্যাডভাইজরি’ সংশোধন করে ইতিবাচক করেছে বলে জানান তিনি।

গর আরও উল্লেখ করেন, এই পদক্ষেপটি বিশ্বজুড়ে মার্কিন বিনিয়োগকারীদের কাছে বার্তা দেবে যে- বাংলাদেশ এখন বড় ধরনের বিনিয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত। বৈঠকে আগামী মাসে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বাংলাদেশ সফর এবং শিগগিরই ঢাকায় একটি ‘ইউএস ইনভেস্টর সামিট’ আয়োজনের মার্কিন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কৃষি, প্রযুক্তি ও এফডিএ সহযোগিতা
প্রধানমন্ত্রী তারেক রহমান সয়াবিন, তুলা, গম ও আধুনিক ওয়্যারহাউজিং অবকাঠামোসহ কৃষিতে মার্কিন বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন। পাশাপাশি, আইটি খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে মার্কিন বিনিয়োগ আহ্বান করেন তিনি।

এর জবাবে বিশেষ দূত গর জানান, বাংলাদেশ ভবিষ্যতে ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগের অংশীদার হওয়ার বড় সম্ভাবনা রাখে এবং এ বিষয়ে তিনি নিজে উদ্যোগ নেবেন। এছাড়া, খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) টেস্টিং বা পরীক্ষা কার্যক্রম বাংলাদেশে দ্রুত পুনরায় শুরু করতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।

আন্তর্জাতিক তহবিল ও রোহিঙ্গা সংকট
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশনের (ডিএফসি) মাধ্যমে বাংলাদেশে বা মূলধন প্রবাহের আলোচনা উঠলে, এ সংক্রান্ত বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে কাজ করবে বলে প্রতিনিধিদলটি নিশ্চিত করে।

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে গভীর আলোচনা হয়। বিশেষ দূত কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া ও মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি ধন্যবাদ জানান। অন্যদিকে, রোহিঙ্গা সহায়তার সিংহভাগ (অর্ধেকের বেশি) দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। সার্জিও গর জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সমস্যার টেকসই ও রাজনৈতিক সমাধানে আসিয়ানসহ প্রতিবেশী দেশগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

উপস্থিত ছিলেন যারা:
গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আসাদ, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেনসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com