রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা এক হাজার কোটি ডলারের মানহানির মামলা স্থায়ীভাবে খারিজ করে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও এর মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে করা এ মামলায় ট্রাম্পের অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই বলে জানিয়েছেন বিচারক।

শনিবার ফ্লোরিডার মায়ামির ফেডারেল জেলা আদালতের বিচারক ড্যারিন গেইলস মামলাটি খারিজ করে দেন।

তার মতে, মানহানির অভিযোগ প্রমাণে যুক্তরাষ্ট্রের আইনে প্রয়োজনীয় ‘প্রকৃত বিদ্বেষ’ (অ্যাকচুয়াল ম্যালিস) প্রতিষ্ঠা করতে পারেননি ট্রাম্প।

মার্কিন আইন অনুযায়ী, মানহানির মামলা প্রমাণ করতে বাদীকে দেখাতে হয়, অভিযুক্ত ব্যক্তি বক্তব্যটি মিথ্যা জেনেও প্রকাশ করেছেন অথবা এর সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে বেপরোয়া অবহেলা করেছেন।

বিচারক গেইলস তার আদেশে বলেন, ট্রাম্পের সংশোধিত অভিযোগে প্রকৃত বিদ্বেষের বিষয়টি প্রতিষ্ঠিত হয়নি। বরং অভিযোগগুলো অস্পষ্ট, অনেক ক্ষেত্রে পরস্পরবিরোধী এবং প্রতিবেদনের সঙ্গে অসংগতিপূর্ণ।

২০২৫ সালের ১৭ জুলাই ওয়াল স্ট্রিট জার্নাল একটি প্রতিবেদনে জানায়, যৌন অপরাধে দণ্ডিত প্রয়াত মার্কিন অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইনের ৫০তম জন্মদিন উপলক্ষে ২০০৩ সালে শুভেচ্ছাবার্তার একটি সংকলন তৈরি করা হয়েছিল। সেখানে ট্রাম্পের নামে একটি যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা ছিল। বার্তাটিতে নারীর অবয়বের মতো হাতে আঁকা একটি ছবি এবং নিচে ট্রাম্পের স্বাক্ষর দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে ওই লেখা, ছবি ও স্বাক্ষরের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা জোরালোভাবে অস্বীকার করেন ট্রাম্প। পরে প্রতিনিধি পরিষদের তদারকি কমিটির মাধ্যমে চিঠিটির একটি অনুলিপি প্রকাশ করা হয়।

প্রতিবেদনটিকে ‘মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর’ আখ্যা দিয়ে ট্রাম্প ২০২৫ সালের ১৮ জুলাই মামলা করেন। গত এপ্রিলে মামলাটি প্রথমবার খারিজ হলেও নতুন করে অভিযোগ দাখিলের সুযোগ পেয়েছিলেন তিনি। মে মাসে সংশোধিত অভিযোগ জমা দেন ট্রাম্প।

তবে এবারের রায়ে মামলাটি ‘উইথ প্রেজুডিস’ খারিজ করা হয়েছে। ফলে একই অভিযোগে নতুন করে মামলা করার সুযোগ কার্যত বন্ধ হয়ে গেল।

এছাড়া বিবিসি ও নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধেও ট্রাম্পের মানহানির মামলা চলমান রয়েছে।

সূত্র: আল-জাজিরা, দ্য গার্ডিয়ান

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com