শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

বিশ্বমঞ্চে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলের নেতৃত্বে যবিপ্রবির কাফি

স্পোর্টস রিপোর্টার ॥
বিশ্বের অন্যতম বড় যুব ক্রীড়া আসর যুব অলিম্পিক গেমসে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলের দায়িত্ব পেলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপ-পরিচালক ও জাতীয় অ্যাথলেটিক্স কোচ মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি। সেনেগালের রাজধানী ডাকার অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক আসরে তাঁকে কোচ কাম ম্যানেজার হিসেবে মনোনীত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাঁর এই মনোনয়ন দেশের ক্রীড়াঙ্গনে যেমন নতুন প্রত্যাশা তৈরি করেছে, তেমনি আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের অ্যাথলেটিক্সের প্রতিনিধিত্বের ক্ষেত্রেও যুক্ত করেছে নতুন মাত্রা।

আগামী ৪ থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকার শহরে অনুষ্ঠিত হবে যুব অলিম্পিক গেমস। এ উপলক্ষে আগামী ৩ নভেম্বর তাঁর সেনেগালের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিতব্য ৪র্থ ইয়ুথ অলিম্পিক গেমসে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের টিম ম্যানেজার কাম কোচ হিসেবে তাঁকে মনোনীত করা হয়েছে। তাঁর এই মনোনয়ন শুধু ব্যক্তিগত অর্জন নয়, দেশের ক্রীড়াঙ্গন ও যবিপ্রবির জন্যও গর্বের বিষয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক এই ক্রীড়া আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন চারজন তরুণ ক্রীড়াবিদ।

অ্যাথলেটিক্স, বক্সিং ও সুইমিং তিনটি ডিসিপ্লিনে অংশ নেবেন তাঁরা। এর মধ্যে অ্যাথলেটিক্সে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে লড়বেন মোঃ শিপন মিয়া। তাঁর সঙ্গে দলের টিম ম্যানেজার কাম কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি। আগামী ৪ নভেম্বর অ্যাথলেটিক্স দলের ডাকারের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

আগামী ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত হচ্ছে ৪র্থ ইয়ুথ অলিম্পিক গেমস। এতে বক্সিংয়ে পুরুষদের ৭০ কেজি ওজন শ্রেণিতে অংশ নেবেন নয়ন ত্রিপুরা জনি। তাঁর দলের টিম ম্যানেজার কাম কোচ মোঃ আল আমিন। সুইমিংয়ে নারীদের ১০০ ও ৫০ মিটার ফ্রিস্টাইলে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাইশা আক্তার মিম। পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ও ৫০ মিটার ফ্রিস্টাইলে অংশ নেবেন মোঃ আব্দুল আজিম। সুইমিং দলের টিম ম্যানেজার কাম কোচ মোঃ আব্দুল হোসেন ঢালী। পুরো বাংলাদেশ দলের শেফ দ্য মিশন হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খাঁন, এনডিসি।

এমন একটি আন্তর্জাতিক আসরে দেশের অ্যাথলেটিক্স দলের দায়িত্ব পাওয়াকে নিজের জন্য বড় সম্মান ও গৌরবের বিষয় হিসেবে দেখছেন কাফি। এ দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। একই সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা ও উৎসাহের জন্য ধন্যবাদ প্রকাশ করেছেন। মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি বলেন, যুব অলিম্পিক গেমসের মতো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলকে প্রতিনিধিত্ব করা আমার জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের। আমার ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের উৎসাহ, দোয়া ও সহযোগিতা আমাকে দেশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সম্মান তুলে ধরতে অনুপ্রাণিত করছে।

ক্রীড়াঙ্গনে কাফির এই দায়িত্ব পাওয়ার পেছনে রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সম্পৃক্ততা। তিনি দেশের অ্যাথলেটিক্স অঙ্গনে একজন অভিজ্ঞ কোচ হিসেবে পরিচিত। এর আগে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারের যুব অলিম্পিকে তাঁর দায়িত্ব আরও বড় পরিসরে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি করেছে। যুব অলিম্পিক মূলত তরুণ ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্য তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ। এখানে অংশগ্রহণ শুধু পদক জয়ের প্রতিযোগিতা নয়, বরং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের ক্রীড়াবিদ হিসেবে নিজেদের প্রস্তুত করারও সুযোগ।

ফলে বাংলাদেশের তরুণ প্রতিনিধিদের জন্য এই আসর বিশেষ তাৎপর্য বহন করছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, কাফির অভিজ্ঞতা, পরিকল্পনা ও দিকনির্দেশনা বাংলাদেশের অ্যাথলেটিক্স দলের পারফরম্যান্সে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে তাঁর এই আন্তর্জাতিক দায়িত্ব দেশের অ্যাথলেটিক্সে নতুন প্রজন্মকে উৎসাহিত করবে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুনাম আন্তর্জাতিক পরিমন্ডলে আরও পরিচিত করে তুলবে। ব্যক্তিগত অর্জনকে জাতীয় গৌরবে রূপ দেওয়ার প্রত্যাশা নিয়েই এখন ডাকারের যুব অলিম্পিকের দিকে তাকিয়ে দেশের ক্রীড়াঙ্গন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com