শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিক্ষোভ মিছিল

শরীয়তপুর প্রতিনিধি:: শরীয়তপুরে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ও শরীয়তপুরের ডামুড্যায় কৃষি বিশ্ববিদ্যালয় করার দাবিতে মনির মৃধার নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মিছিলটি ধানকাঠি ইউনিয়ন এতিমখানা থেকে শুরু করে ডামুড্যা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডামুড্যা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডামুড্যা উপজেলা ও পৌরসভা শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা মোরশেদ আলম টিপু মাদবর ও লিটন মুন্সির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তাদের দল থেকে বহিষ্কার এবং গ্রেপ্তারের দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, টিপু মাদবর ও লিটন মুন্সি স্বৈরাচারের সহযোগী, অর্থলোভী এবং নারী কেলেঙ্কারি ও ভূমি দখলের মতো কর্মকাণ্ডে জড়িত। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সিদ্ধান্ত তাদের কাছে চূড়ান্ত। তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র কিংবা রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করলে শরীয়তপুরের মাটিতে তাদের অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদের উপস্থিতিতে টিপু মাদবরের কুশপুত্তলিকায় জুতার মালা ও ঝাড়ুর মালা পরানো হয়। পরে কুশপুত্তলিকাটি পদদলিত করেন বিক্ষোভকারীরা।

সমাবেশ থেকে টিপু মাদবর ও লিটন মুন্সির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করেন নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com