রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড ঘোষণা করেছে সরকার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে ছয় সদস্যের এই ন্যূনতম মজুরি বোর্ড গঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এর আগে শ্রমিকনেতা ও মালিকপক্ষের সঙ্গে একাধিক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকের ধারাবাহিকতা ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হলো। শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও অধিকারের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে এবং সেই অনুযায়ী সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে।

শ্রমমন্ত্রী বলেন, দাবি পূরণ হওয়ায় এবং সরকার নিয়মতান্ত্রিক উপায়ে মজুরি বোর্ড গঠন করায় শ্রমিক ভাইবোনদের আর আন্দোলন বা সড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। তিনি অবিলম্বে সব কারখানার শ্রমিকদের কাজে যোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানান। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, মালিক ও শ্রমিকের পারস্পরিক সমঝোতার মাধ্যমে খুব দ্রুতই একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত ন্যূনতম মজুরি নির্ধারিত হবে, যা দেশের অর্থনীতি ও পোশাকশিল্পের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে রবিবার এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই নিয়োগ প্রদান করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি আশফাকুর রহমান।

নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুবকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।

জারিকৃত প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে অবিলম্বে নিম্নতম মজুরি নির্ধারণের পরবর্তী কার্যক্রম শুরু করার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com