রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

মিরপুর রণক্ষেত্র, পুলিশের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেন আন্দোলনকারীরা।

রোববার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে মিরপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে আন্দোলনকারীদের একটি অংশ মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের একটি অংশ পুলিশের গাড়িটির দিকে এগিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে গাড়িটি থেকে ধোঁয়া ও আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখা যায়।

এ ঘটনায় মিরপুর-১১ ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ গোলচত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি আশপাশের সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com