শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

‘মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় অস্বীকারকারীরা আস্তাকুঁড়ে যাবে’

একুশের কণ্ঠ অনলাইন:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ৭ মার্চ, ১৭ এপ্রিলের মতো মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় স্বীকার করে না এবং মুক্তিযুদ্ধকে নির্বাচনী ইশতেহার হিসেবে ব্যবহার করে- তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

১৭ এপ্রিল মঙ্গলবার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও ৭ মার্চ স্বাধীনতার সত্যিকারের ঘোষণা, যা বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামের ঘোষণা হিসেবে সর্বাত্মক স্বীকৃত সেই দিবস এবং মুজিনগর দিবস যারা পালন করে না তাদের রাজনীতি হচ্ছে ইতিহাসের মীমাংসিত বিষয়গুলোকে অস্বীকার করা। আর ইতিহাসের মীমাংসিত বিষয়কে নিয়ে যারা বিতর্ক ও অস্বীকার করে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা বারবার লক্ষ্য করছি, বাংলাদেশের বড় একটি দল তারা মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে না। তারা মুক্তিযুদ্ধকে নির্বাচনী ইশতেহারে লোক দেখানো প্রতিশ্রুতি হিসেবে গোচরীভূত করে।

তিনি বলেন, যারা নির্বাচন এলে লোক দেখানো হিসেবে ব্যবহার করে তাদের মুক্তিযুদ্ধের প্রতি কতটা কমিটমেন্ট আছে -এটা আমাদের একটা সংশয় ও প্রশ্ন থেকে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com