শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

মিথ্যা অভিযোগে মামলা, নাজমুল হুদার বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মিথ্যা অভিযোগে করা মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক।

সম্প্রতি এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক বেনজীর আহম্মেদ। ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ চার্জশিটটি দেখেছেন। আগামী ২৪ নভেম্বর চার্জশিট আমলে নেওয়ার তারিখ ধার্য রয়েছে।

সোমবার (১ নভেম্বর) দুদকের আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা জুলফিকার আলী বিষয়টি জানিয়েছেন।এর আগে ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় কার্যালয়-১ এ নাজমুল হুদার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

জানা যায়, ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় এস কে সিনহার বিরুদ্ধে একটি মামলা করেন। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়। মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক ১ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এসকে সিনহা। পরে মামলাটি তদন্তের জন্য দুদকে আসে।

দীর্ঘ দেড় বছর তদন্ত করে এসকে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলাটি মিথ্যা অভিযোগে করা মর্মে প্রমাণিত হয়েছে দুদকে। আর মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে উল্টো ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধেই মামলা করে দুদক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com