বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
একুশের কন্ঠ অনলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ফেনী-৩ আসনে ৪০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া কয়েকটি আসনে সর্বনিম্ন ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। সারা দেশে ৩০০ আসনে মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির তথ্য অনুযায়ী, শোবিজ অঙ্গনের তিন প্রার্থী এবার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মানিকগঞ্জ-২ আসনে মমতাজ এর বিপরীতে ১৪ জন, মাহিয়া মাহি রাজশাহী-১ আসন থেকে নির্বাচন করছেন। এ আসনে মাহির বিপরীতে ১১ জন প্রার্থী ভোটের মাঠে লড়াই করতে চান। এই দুই প্রার্থীর বিপরীতে ভোটের মাঠে আছেন মোট ২৫ প্রার্থী।
এছাড়া ঢাকা-১০ আসনে ফেরদৌসের বিপরীতে প্রার্থী হতে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এই তিন সেলিব্রেটির বিপরীতে ভোটের মাঠে লড়াই করতে চান ৩৫ জন।
ইসির জনসংযোগ পরিচালক জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৩০০ সংসদীয় আসনের জন্য আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। শেষ দিনে ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মোট ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল থেকে এ মনোনয়ন দাখিল করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।