শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি::
আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মাঠ দখলের লড়াইয়ে পিছিয়ে রয়েছেন বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা, যাদের অধিকাংশের বিরুদ্ধে রয়েছে বিভিন্ন মামলা। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিএনপি সমর্থিত এসব প্রার্থীর বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে আরও জানা গেছে, বিএনপি সমর্থিত কোন প্রার্থীর বিরুদ্ধে কতটি মামলা রয়েছে সেসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের গ্রেপ্তার করার নির্দেশনা রয়েছে পুলিশের উচ্চপর্যায় থেকে। ইতিমধ্যে বিএনপি সমর্থিত এক প্রার্থী গ্রেপ্তারও হয়েছেন।
বিএনপির অভিযোগ, নির্বাচন সামনে রেখে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের পুলিশ ধরপাকড় শুরু করেছে। তারা বাসায় থাকতে পারছেন না, গ্রেপ্তার আতঙ্কে এলাকায়ও ঢুকতে পারছেন না। ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের দুজন নেতা জানিয়েছেন, সিটি নির্বাচনে ভোটের মাঠ দখলে রাখার পাশাপাশি পুলিশি অ্যাকশন চলবে। জয় পেতে বিএনপির দুর্নীতির বিভিন্ন চিত্র ভোটের মাঠে প্রচার করবে আওয়ামী লীগ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন অভিযোগ করেছেন, স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা থানা পুলিশ দিয়ে বিএনপির প্রার্থীদের ভয়-ভীতি দেখাচ্ছে। একই অভিযোগ করে ঢাকা উত্তর সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, বিএনপির ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের তালিকা ধরে ধরে স্থানীয় থানা পুলিশ ফোন করে সতর্ক করছে।
এভাবে কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে। অথচ কিছুদিন আগেও আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়িয়েছেন। এখন নির্বাচনের তারিখ ঘোষণার পর এলাকায় সগৌরবে ফিরতে শুরু করেছেন তারা।
এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন বলেন, মামলার আসামি হিসেবে কোনো প্রার্থী যদি জামিন নিয়ে এসে নির্বাচনী কাজে যুক্ত হন তাদের ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, অথচ জামিন নেননি, তাদের গ্রেপ্তার করা হবে।
ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) এক কর্মকর্তা জানান, সিটি করপোরেশনে নির্বাচনকে সামনে রেখে দাগি আসামিদের তালিকা করা হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান পরিচালিত হবে। লালবাগ জোনের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে মামলা ও ওয়ারেন্ট আছে, নির্বাচন উপলক্ষে তারা যদি প্রকাশ্যে ঘুরে বেড়ায় তখন তাদের দলের লোকজনই আমাদের কাছে অভিযোগ করে বলেন, ‘আপনাদের নাকের ডগা দিয়ে আসামি ঘুরে বেড়াচ্ছে, আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।’ কাজেই আমরা যে কোনো আসামির ক্ষেত্রেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। তবে নির্বাচনকে কেন্দ্র করে কাউকে উদ্দেশ্যমূলক হয়রানি কিংবা গ্রেপ্তারের নির্দেশনা পাইনি।
ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন গতকাল সন্ধ্যায় বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর প্রার্থীদের ধরপাকড় শুরু করেছে পুলিশ। একাধিক প্রার্থীকে সংশ্লিষ্ট থানা পুলিশ ফোনে ভয়ভীতি দেখাচ্ছে। বিশেষ করে স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সংশ্লিষ্ট থানা পুলিশকে দিয়ে এসব করাচ্ছে।’ উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেন, কিছুদিন আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলররা গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়িয়েছিলেন। এখন নির্বাচনকে সামনে রেখে বীরদর্পে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন। এদের দেখার কেউ নেই।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা পুলিশ দিয়ে হয়রানি শুরু করে দিয়েছে। এটাই আওয়ামী লীগের চরিত্র। চরিত্র অনুযায়ী ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন তারা।
গত বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠান থেকে বেরিয়ে নিজ ওয়ার্ডের দিকে যাওয়ার পথে গ্রেপ্তার হন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের (বংশাল) বিএনপির কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজু। তিনি বংশাল থানা বিএনপির সভাপতি। বংশাল থানার ওসি শাহীন ফকির সাংবাদিকদের জানিয়েছিলেন, তাজউদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে এবং কয়েকটিতে গ্রেপ্তারি পরোয়ানাও আছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক অভিযোগ করে আরও বলেন, এভাবে শুধু তাজউদ্দিনই নন, দুই সিটিতে অংশ নেওয়া বিএনপির প্রায় সব কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরকসহ বিভিন্ন রাজনৈতিক মামলা রয়েছে। অনেকের বিরুদ্ধেই রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। ডজন মামলার ওপরে বিএনপির প্রায় সব প্রার্থীই। ভোটের শুরুতেই তারা গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। অন্যদিকে বিএনপিসহ স্বতন্ত্র অনেক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের হুমকি পাচ্ছেন। এ কারণে কেউ কেউ সরাসরি মনোনয়নপত্র কিনতে যেতে পারেননি।
উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল দেশ রূপান্তরকে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেই এখন আর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ তিনি যে মনোস্টার তৈরি করেছেন তারা তার নির্দেশ মানবেন না। বিএনপি নেতা মির্জা আব্বাস দেশ রূপান্তরকে আরও বলেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ তাদের খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে তত খোলস ছেড়ে পুরোপুরি বেরিয়ে আসবে। তাদের চরিত্র অনুযায়ী কাজ শুরু করেছে। আদতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না তা নিয়ে শঙ্কায় রয়েছি।
এদিকে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মাঠ দখলে রাখবে দলটির বিভিন্ন শ্রেণির নেতাকর্মী। এ কৌশলে প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রার্থীদের কর্মী-সমর্থকদের মাঠে দুর্বল করে রাখতে চায় দলটি। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের মেয়রপ্রার্থী ও কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন নেওয়ার বিকল্প কৌশল রয়েছে ক্ষমতাসীনদের।
আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর এক সদস্য বলেন, বিএনপির একাধিক কাউন্সিলর প্রার্থী বিভিন্ন মামলার আসামি। মামলার আসামিরা নির্বাচন করলে পুলিশ নিশ্চয়ই বসে থাকবে না। তিনি বলেন, সিটি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অন্যতম কৌশল হলো মাঠ দখলে রাখা। কারণ ভোটের মাঠে জোয়ার যেদিকে যায় ভোটও সেদিকেই যায়। মাঠ দখলে রাখতে পারলে মেয়র কাউন্সিলর প্রার্থীদের বিজয় এমনিতেই আসবে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এক সদস্য বলেন, বিএনপির আমলের দুর্নীতি-দুঃশাসন এগুলো সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি সরকারের উন্নয়ন-অগ্রযাত্রা বিভিন্ন উপায়ে প্রচার করা হবে। তিনি বলেন, শুধু দলীয় নেতাকর্মীরাই নয়, সমাজের গুণীজনদের, বিভিন্ন পেশার তারকাদের আওয়ামী লীগের প্রচারণায় অন্তর্ভুক্ত করা হবে। সভাপতিমন্ডলীর ওই সদস্য আরও বলেন, প্রার্থীদের পক্ষ থেকে নগর উন্নয়নে বিশেষ পরিকল্পনা ভোটারদের অবহিত করা হবে।