বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় টেক্সটাইল কারখানার এক নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আল আমিন (৩৬) ও হুসেন (২২) নামে ২ জনকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানার পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।
গ্রেপ্তারকৃত আল আমিন উপজেলার মল্লিকবাড়ী ইউপির নয়নপুর এলাকার মৃত আতর আলীর ছেলে এবং হুসেন একই এলাকার মোস্তফা কামালের ছেলে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপর আসামি একই এলাকার আইন উদ্দিনের ছেলে ইকবাল হোসেনকে গ্রেপ্তার করতে পুলিশের তৎপরতা চলছে বলে জানিয়েছেন মামলা তদন্ত কর্মকর্তা ও ভালুকা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মুহিদুল আলম।
জানা যায়, ভুক্তভোগী ওই নারী উপজেলার কাঁঠালী এলাকার স্কয়ার টেক্সকম ফ্যাক্টরিতে চাকরি করেন। গত ৪ অক্টোবর ২০২৬ তারিখ রাতে ফ্যাক্টরি ছুটি হওয়ার পর আনুমানিক রাত ১০ টার দিকে মল্লিকবাড়ী মোড় থেকে অটোরিকশাযোগে নয়নপুর এলাকায় তার এক বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। নয়নপুর ৯ নম্বর এলাকায় পৌঁছালে পায়ে হেঁটে বান্ধবীর বাড়ির দিকে যাওয়ার সময় রাস্তার ওপর থেকে আসামিরা তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরবর্তীতে ১নং আসামি আল আমিনের বসতঘরের ভেতর নিয়ে মুখ কাপড় দিয়ে বেঁধে পালাক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। নির্যাতনের পর ঘটনাটি কাউকে না বলার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ৫ অক্টোবর ভোর রাত ৪:৪৫ মিনিটের দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগী ওই নারী ভালুকা মডেল থানায় এসে ওই তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি একজন পলাতক আছে, পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।