বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ম.ম.হারুন অর-রশিদ, মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সম্প্রীতির পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) কালকিনি উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অগ্নিনিরাপত্তা এবং পূজার সময় সার্বিক প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খোকন জমাদার, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামা প্রসাদ মিন্টু পালসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় সাংবাদিকরা।
সভায় প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পূজামণ্ডপে যাতে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের পাশাপাশি পূজা উদযাপন কমিটির সদস্য এবং স্থানীয় প্রতিনিধিদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় ইউএনও কিশোর কুমার দাস বলেন, দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পূজা উদযাপন কমিটি ও স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।