শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

ভারতের সঙ্গে চুক্তির বিস্তারিত জানতে প্রধানমন্ত্রীকে চিঠি দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক::

ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তির বিস্তারিত জানতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দেবে বিএনপি। গতকাল শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘ভারতে প্রধানমন্ত্রী যে চুক্তিগুলো সম্পাদন করে এসেছেন, এই চুক্তিগুলো অবিলম্বে দেশবাসীর কাছে প্রকাশ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেব তথ্যগুলো জানানোর জন্য যে কী ধরনের চুক্তি হয়েছে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এমন অসুস্থ নন যে তাঁকে বিদেশে নিতে হবে—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘উনি কি ডাক্তার? উনি ডাক্তার নন। তিনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা বলছেন।’

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com