সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

অনলাইন ডেস্ক:: মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদহার সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগকারীদের নজর থাকায় বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন নেমেছে। এর আগে গত শুক্রবার মূল্যবান এই ধাতুটির দাম সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। খবর রয়টার্স’র।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৮টা পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩২২ দশমিক ২৮ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৮১ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়ে দুর্বল কর্মসংস্থান তথ্য প্রকাশের পর স্বর্ণের দাম গত ১৭ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। জুলাইয়ে মার্কিন অর্থনীতিতে অপ্রত্যাশিতভাবে কর্মসংস্থান কমেছে। পাশাপাশি আগের দুই মাসের কর্মসংস্থান বৃদ্ধির হিসাবও বড় ধরনের সংশোধন করে কমানো হয়েছে।

দুর্বল কর্মসংস্থানের এই তথ্যের পর আগামী সেপ্টেম্বরে ফেডের সুদহার কমানোর সম্ভাবনা নিয়ে বাজারের প্রত্যাশায় পরিবর্তন এসেছে। ১৫ ও ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ফেডের বৈঠকে সুদহার কমানোর সম্ভাবনা এখন ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।

সাধারণত সুদহার কমার সম্ভাবনা বাড়লে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদহার কমলে সুদ-আয়কারী সম্পদের তুলনায় স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয়ও কমে যায়।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, দুর্বল মার্কিন কর্মসংস্থান তথ্যের প্রভাবে গত সপ্তাহে স্বর্ণের দাম শক্তিশালীভাবে বাড়ার পর এখন কিছুটা মুনাফা তুলে নেওয়া হচ্ছে। তবে এটি বাজারে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নয়। তার মতে, কাছাকাছি সময়ে স্বর্ণের দাম ৪ হাজার ৩০০ ডলারের ওপরে শক্ত অবস্থানে থাকতে পারে।

এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ হওয়ার কথা রয়েছে। বুধবার প্রকাশিত হবে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) এবং বৃহস্পতিবার উৎপাদক মূল্যসূচক (পিপিআই)। মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার তুলনায় দুর্বল হলে ফেডের সুদহার কমানোর সম্ভাবনা বাড়তে পারে। এতে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তবে স্বর্ণের বাজারে যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে নতুন নৌপথ নির্ধারণের বিষয়ে তারা চূড়ান্ত একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তবে কৌশলগত এই জলপথ পুনরায় খুলে দিতে হলে যুক্তরাষ্ট্রকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে তেহরান।

অন্যদিকে সোমবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট রুপার দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ৪৫ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৭৪২ দশমিক ৫০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৬২ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com