বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর জেলা প্রতিনিধি:: গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামে ওষুধ কারখানায় লাগা আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের ইনচার্জ মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১০টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের মোট ২১টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

এর আগে, সকাল ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার একটি ভবনের ৬ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনের খবরে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কারখানার ভেতরে ওষুধ তৈরির কেমিক্যাল ও দাহ্য পদার্থ থাকায় ধীরে ধীরে আগুন বাড়তে থেকে। পরে আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনগুলো থেকে আরও ২১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের ভয়াবহতার খবরে আশপাশের পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। দুপুর ১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবির সদস্যরা গিয়ে নিরাপত্তার স্বার্থে পুরো এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করেন তারা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তারপরও আমাদের কর্মীরা সতর্ক রয়েছে, যেহেতু ভেতরে কেমিক্যাল রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি নির্বাপন শেষে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com