বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

রাণীশংকৈলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে আবু সালাম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) হোসেনগাঁও ইউনিয়নের রাণীশংকৈল-কাঁঠালডাঙ্গি সড়কের রাউতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সালাম রাউতনগর রাজশাহী পাড়া এলাকার আজগর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে রাউতনগর এলাকার পাকা সড়ক দিয়ে যাচ্ছিলেন আবু সালাম। এ সময় তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কের পাশে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com