বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:: হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতির আশায় আন্তর্জাতিক বাজারে আবারও জ্বালানি তেলের দাম কমল। বিনিয়োগকারীদের ধারণা, এ আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির পথ প্রশস্ত করতে পারে, যার ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব তেলের বাজারে। খবর রয়টার্স’র।
প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০ দশমিক ৫ শতাংশ কমে ৭৯ দশমিক ০৮ ডলারে নেমে আসে।
অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৩ সেন্ট বা ০ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৬৯ ডলারে দাঁড়ায়।
এর আগে বুধবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়ে দিন শেষ করলেও, ডব্লিউটিআই ক্রুডের দাম অল্প কমেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে আশাবাদ বাড়ায় বিনিয়োগকারীদের আস্থা ইতিবাচক হয়েছে। চুক্তি বাস্তবায়িত হলে গত পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান হতে পারে এবং বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি আবারও স্বাভাবিকভাবে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হতে পারে।
এই সম্ভাবনাই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি করেছে, যার প্রভাব হিসেবে অপরিশোধিত তেলের দামে নতুন করে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।