শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিএনপি আইন-আদালতের তোয়াক্কা করে না: কাদের

নিজস্ব প্রতিবেদক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা দেশের আইন আদালতের কোন তোয়াক্কা করেন না। এটা তাদের বক্তব্যে প্রমাণিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে তার বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করেন তিনি।

‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোন বাধা নয়, বাধা হচ্ছে অবৈধ সরকার’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেন, সরকার যদি অবৈধই হয় তাহলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন?

ওবায়দুল কাদের বলেন, আইন আদালতের প্রতি তাদের আস্থা নেই বলেই এই ধরনের বক্তব্য দিচ্ছেন। তাদের এমন বক্তব্য শুনলে মনে হয়, বিএনপি নেতারা আইন- আদালতের কোন তোয়াক্কা করে না। আর এই সরকার অবৈধই বা কি করে হয়? সংসদে-তো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছে।

ঢাকা সিটিতে বেশকিছু পরিবহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার যে সিদ্ধান্ত, তা বাস্তবায়ন না করার অভিযোগ রয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন।

পরিবহন মালিক-শ্রমিকদের উদ্দেশ্যে করে তিনি বলেন, কথা দিয়ে কথা রাখুন। আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লংঘন করছেন?

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com