শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেবে বিএনপি। এ আসনে নির্বাচনে আগ্রহীদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি। আগামীকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হবে।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তিনি বলেন, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদন ফরম উত্তোলন করা যাবে। ৬ সেপ্টেম্বর (শুক্রবার) কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা এবং ৭ সেপ্টেম্বর বিকাল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। মনোনয়ন বোর্ড সাক্ষাৎকার নেবে। তিনি বলেন, মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ১০ হাজার এবং জমা দেয়ার সময় ২৫ হাজার টাকা দিতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। রোববার ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, বাছাই হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। ৫ অক্টোবর হবে ভোটগ্রহণ।