শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে ২ দিনের বিক্ষোভের ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক:: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বাসভাড়া বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী দুই দিনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। আগামী ১০ এবং ১২ নভেম্বর এই কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার (৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ নভেম্বর ঢাকা মহানগর ব্যতীত সারা দেশের মহানগরগুলোতে এবং ১২ নভেম্বর জেলা শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির আয়োজনে এ কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন, সরকারের চরিত্রই হচ্ছে লুট করা। এরা একদিক দিয়ে জনগণের পকেট কাটছে, অন্যদিকে নিজেদের পকেট ভারী করছে। তারা জনগণের কথা চিন্তা করে না। প্রতেকদিনই মানুষের গরিবী বাড়ছে সেদিকে তাদের নজর নাই।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য-সচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com