শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

বাঘায় প্রভাবশালী নেতা বিরুদ্ধে সরকারী গাছ উপড়ে ফেলার অভিযোগ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি::

রাজশাহীর বাঘায় রাস্তা নির্মাণের নামে বাঘায় প্রভাবশালী নেতা বিরুদ্ধে সরকারী গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গত ১ জানয়ারী বুধবার বিকেলে ওই নেতার নামে বাঘা থানায় একটি জিডি করা হয়েছে। উপজেলা বন বিভাগের পক্ষ থেকে এ জিডিটি করেন জহুরুল ইসলাম নামে এক কর্মকর্তা।

স্থানীয় সূত্র জানায় বাঘা উপজেলার উন্নয়ন অবকাঠামো খাতে পীরগাছা গ্রামের আফতাব হোসেনের বাড়ি থেকে বাউসা মাঝপাড়া খোকনের মোড় পর্যন্ত ৩০ লাখ টাকা ব্যয়ে সাড়ে পাঁচশ মিটার পাকা রাস্তা নির্মাণ প্রকল্প বরাদ্দ দেওয়া হয় স্থানীয় আবদুল কুদ্দুস সরকার নামে এক ঠিকাদাকে।

ঠিকাদারের খননযন্ত্র ভেকুর ড্রাইভার শহিদুল ইসলাম জানান, সোমবার রাস্তার বেড় কেটে কাজ সম্পন্ন করেছিলাম। কিন্তু পরদিন মঙ্গলবার বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন আমাকে ভেকুসহ জোরপূর্বক রাস্তার মাঝা-মাঝি একটি কার্লভাটের কাছে নিয়ে যান এবং রাস্তার দুই ধারে লাগানো গাছ উপড়ে ফেলতে বলেন। আমি এতে অপারগতা প্রকাশ করলে তিনি ও তার লোকজন আমাকে বাধ্য করেন।

স্থানীয় যুবক শহিদুল ইসলামসহ অনেকেই জানান, রাস্তার দুই পাশের বাবলা ১৫টি, জিনজিরা ২৫টি, কড়ই ৪টি, খেজুর ৫ টি, গামা ৪টি, মেহগনি ২০টি ও ৫টি আমসহ প্রায় শতাধিক গাছ উপড়ে দিয়ে আলোচনায় উঠে এসছেন এ অঞ্চলের প্রভাবশালী নেতা জাহিদ হোসেন। এ গাছ উপড়ে ফেলার কারণে রাস্তার দুই পাশে রোপণ করা বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। যেখানে সরকারি গাছ কাটা হয়েছে তার পূর্ব পাশে জাহিদের জমি এবং পশ্চিমে তার চাচার জমিসহ অনেকের জমি রয়েছে।

বাউসা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় মাঝপাড়া গ্রামের বাসিন্দা জাহিদ হোসেন দাবি, আমি গাছ কাটতে বলিনি। তবে দেখেছি কিছু গাছ ভেকু দিয়ে উপড়ে ফেলা হয়েছে। পাকা রাস্তা নির্মাণের প্রয়োজনে এই কাজ করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে ঠিকাদার আবদুল কুদ্দুস সরকার বলেন, আমি পাকা রাস্তার কাজ করছি। স্থানীয়দের কাজ বুঝিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। আমি ঘটনাস্থলে জায়নি, তবে শুনেছি পাকা রাস্তার বেড কাটতে গিয়ে স্থানীয় প্রভাবশালী নেতা জোর করে ভেকুর চালককে দিয়ে গাছ কাটিয়েছেন।

উপজেলা বন বিভাগের কর্মকর্তা জহুরুল হক বলেন, রাস্তার দুই পাশে গাছ উপড়ে নষ্ট করার মূল অভিযুক্ত ব্যক্তি জাহিদ হোসেনকে চিহ্নিত করা হয়েছে। তার বিরুদ্ধে বাঘা থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। দুই-এক দিনের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে বন আইনে আদালতে মামলা দায়ের করা হবে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘এই বিষয়ে সাধারণ ডায়রি (জিডি) পেয়েছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, বিষয়টি আমি জেনেছি। বন বিভাগকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com