শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’- চারদিকে আজ কবির এই পংক্তিরই প্রতিধ্বনি। পাতাঝরা শীতের রুক্ষতা কাটিয়ে কোকিল কণ্ঠে বসন্তের আগমনী গান শোনা যাচ্ছে প্রকৃতিতে।
প্রতি বছর বসন্ত ঋতুকে স্বাগত জানাতে পহেলা ফাল্গুনে ‘বসন্ত বরণ’ উৎসবে মাতোয়ারা হয় রাজধানী ঢাকা। ঐতিহ্যগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা হচ্ছে এই উৎসব পালনের প্রাণকেন্দ্র।
চারুকলার বকুল তলায় আয়োজন করা হতো বসন্ত বরণের যত আয়োজন। এবার সে আয়োজনটি নেই। করোনা মহামারির কারণে এ বছর ‘বসন্ত বরণ’ উৎসবটি না করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।
এ বছর বাংলা দিনপঞ্জিতে পরিবর্তন আসায় পয়লা ফাল্গুন পিছিয়েছে একদিন। অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন। তারপরও চিরায়ত নিয়মের রেশ কি সহজেই মুছে যায় মন থেকে! তাই তো প্রতিবছরের ন্যায় এবারও ১৩ ফেব্রুয়ারি থেকে বসন্তের সাজ সাজ রব উঠেছে দেশজুড়ে।
সুমি আক্তার কাজ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। এ পরিস্থিতিতে বসন্ত উদযাপন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতি বছর এ দিনটিতে ছুটি নেওয়ার চেষ্টা করি। পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাই। এবারতো আর সে সুযোগ নেই। তবে এবার অফিসেই আলাদা আমেজে আয়োজন করা হচ্ছে বসন্ত উৎসব। সবাই মিলেই পয়লা ফাল্গুনকে বরণ করবো।’
সিনথিয়া এবার এইচএসসি পাস করেছেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য পড়াশোনা করছেন। তবে প্রতিবার এ দিনে বড় বোনের সঙ্গে বের হলেও এবার সে সুযোগ নেই। তাই বাসায় বসে সময় কাটাবেন বলে জানান। তার চাওয়া, বসন্তের বাতাসে উড়ে যাক করোনার অভিশাপ।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগল শিক্ষার্থী সাগর ও জেবা। এবার কেমন বসন্ত কাটবে জানতে চাইলে জেবা বলেন, ‘৫ বছরের সম্পর্ক আমাদের। মনের ভুলেও একটি দিনের জন্য এ দিনকে উপভোগ করতে ভুলিনি। তবে এবার ভিন্ন এক আমেজ। বাসায় বসে কি আর বাইরের আনন্দ উপভোগ করা যায়?’
এ বছর পয়লা ফাল্গুন আয়োজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিসার হোসেন বলেন, ‘জাতীয় কমিটিগুলো বিশ্ববিদ্যালয়ের জায়গা ব্যবহার করে এসব উৎসবগুলো করে থাকে। এ বছর বসন্ত উৎসব কমিটি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু আমরা অনুমতি দিতে পারিনি।’
তিনি বলেন, ‘এবারে করোনা পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে সামাজিক ভিড় করতে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় উৎসব আয়োজনে অনুমতি দেওয়া হয়নি।’