শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

বর্তমান ইসি দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ফখরুল

একুশের কণ্ঠ অনলাইন:: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের ইচ্ছে পূরণে কাজ করছে। তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ২ মে বুধবার সকালে শ্রমিক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, সরকার নিজেদের ইচ্ছা পূরণে ইসিতে তাদের পছন্দমত লোক বসিয়েছে। যাতে করে আবারও একতরফা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে।

নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে আসা দরকার বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, রাজনৈতিকভাবে নির্বাচনকালীন সরকার নিয়ে সমাধান হওয়ার আগে তফসিল ঘোষণা কখনই জনগণ মেনে নিবে না। সীমানা নির্ধারণের ক্ষেত্রেও একই বিষয় কাজ করছে। সরকার যে নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন তাই বাস্তবায়ন করছে। তিনি বলেন, তাদের নিজস্ব কোনো চিন্তাভাবনা নেই। জনগণের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সীমানা নির্ধারণের যে নিয়ম রয়েছে, সেটিও তারা পালন করছে না।

বর্তমান নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইসির সুষ্ঠু নির্বাচন করার কোনো যোগ্যতাই নেই।

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, গাজীপুরের এসপি হারুনকে সরানোর জন্য আমরা চিঠি দিয়েছিলাম কিন্তু কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো আমাদের জোটের ৪৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, এমনকি যিনি মেয়র পদে দাঁড়িয়েছিলেন তাঁকেও গ্রেপ্তার করা হয়েছে। এসব কারণে এ নির্বাচন সুষ্ঠু হবে এটি মনে করার কোনো কারণ আমি দেখছি না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com