রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

ফের পেছাল খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি



নিজস্ব প্রতিবেদক::

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকায় নাইকো মামলার শুনানি আবারো পিছিয়ে দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত ৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৯ মে দিন ধার্য করেন।

আজ রাজধানীর পুরানো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালত ৯ এ নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি ছিল। কিন্তু খালেদা জিয়াকে হাসপাতাল থেকে হাজির না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।

আসামি পক্ষের আইনজীবীরা রমজানের পরে পরবর্তী তারিখ ধার্য করার জন্য আবেদন জানান। কিন্তু আদালত বলেন, এই মামলায় বেগম খালেদা জিয়ার পক্ষে অভিযোগ গঠন বিষয়ে শুনানি বাকি রয়েছে। অন্য সবার পক্ষে শুনানি করা হয়েছে। একজনের পক্ষে শুনানি শেষ হলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। কাজেই বেশি সময় দেওয়া যাবে না। এরপর আদালত ১৯ মে দিন ধার্য করেন। এই মামলায় অন্যান্য আসামিদের পক্ষে অভিযোগ গঠন বিষয়ে শুনানি ইতিপূর্বে কয়েকটি তারিখে অনুষ্ঠিত হয়েছে। শুধু খালেদা জিয়ার পক্ষে শুনানি বাকি রয়েছে। অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষে যদি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় তাহলেই বিচার শুরু হবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট সংক্রান্ত দুই মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়া কারাগারে আছেন। গত বছর ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করা হয়। এরপর থেকেই (এক বছরের বেশি সময়) তিনি কারাগারে আছেন।

এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক। মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com