রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সামান্থা রুথ প্রভু ও রাজ বিনোদন ডেস্ক:: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু গত বছরের ডিসেম্বরে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। বিয়ের সাত মাস পূর্ণ হওয়ার আগেই জানা গেল, মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী।
সামান্থার মা হতে যাওয়ার খবরটি নিশ্চিত করে ইন্ডিয়া টুডেকে একটি সূত্র বলেন, সবকিছু ঠিক থাকলে ৩৯ বছর বয়সি সামান্থা চলতি বছরের শেষ নাগাদ সন্তানের মুখ দেখবেন।
সামান্থা অভিনীত নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’। ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। এ সিনেমার সাফল্য উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তার মা হতে যাওয়ার খবর চাউর হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নীল রঙের জিন্সের সঙ্গে সাদা রঙের টি-শার্ট পরেছেন সামান্থা। তার বেবি বাম্পও দৃশ্যমান। নেটিজেনরাও বলছেন, সামান্থা অন্তঃসত্ত্বা। যদিও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি সামান্থা কিং বা তার বর রাজ।
নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে ভেঙে যায় এ সংসার। সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য; পরে তারা সাতপাকে বাঁধা পড়েন।
দীর্ঘদিন একা থাকার পর ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে ঘুরতে দেখা গেছে। তবে এ সম্পর্ক নিয়ে একটি শব্দও খরচ করেননি তারা। গত বছরের ১ ডিসেম্বর সকালে একটি মন্দিরে বিয়ে করেন সামান্থা-রাজ। পরে ছবি প্রকাশ করে গোপন বিয়ের খবর দেন এই অভিনেত্রী। সামান্থার মতো রাজেরও এটি দ্বিতীয় বিয়ে।