শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে সকল জল্পনা-কল্পনাকে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো দলটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
আজ শনিবার (২১ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় তথা কাউন্সিল অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।
এর আগে, সকাল ১০টার পর সম্মেলনের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেখ হাসিনা।
দলীয় সূত্র জানায়, এবার সম্মেলনে সারা দেশ থেকে আওয়ামী লীগের সাড়ে সাত হাজার কাউন্সিলর অংশ নিয়েছেন। সভাপতি হিসেবে শেখ হাসিনা থাকার বিষয়টি নিশ্চিত থাকলেও সাধারণ পদ নিয়ে বেশ জল্পনা-কল্পনা ছিলো। দলের নেতাকর্মীরা ধারণা করছিলেন, হয়তো এবার এ পদে নতুন মুখ দেখা যেতে পারে।
১৯৮১ সাল থেকে দেশের আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে আসছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বারবার অবসরে যেতে চাইলেও নেতাকর্মীদের আগ্রহেই দলের শীর্ষ পদে অধিষ্ঠিত আছেন। সাধারণ সম্পাদক হিসেবে ২০১৬ সালের অক্টোবরে অনুষ্ঠিত দলের ২০তম সম্মেলনে প্রথমবারের মতো দায়িত্ব নেন ওবায়দুল কাদের। সাধারণত দলটির সাধারণ সম্পাদক পদে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এবার তা ভাঙার গুঞ্জন ছড়ালেও শেষ পর্যন্ত এ পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেলেন কাদের।
ওবায়দুল কাদেরের পাশাপাশি এ পদের আলোচনায় ছিলেন- সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এর পাশাপাশি আইন সম্পাদক ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের নামও উঠে আসে।