মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

পদ্মায় নিখোঁজ চীনা প্রকৌশলীর সন্ধান মেলেনি ২ দিনেও

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ পদ্মা সেতুর কাজে নিয়োজিত চীনা প্রকৌশলীর নিখোঁজের দুই দিনেও সন্ধান মেলেনি। নিখোঁজের পর থেকেই নৌ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালাচ্ছে। পরে তাদের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিস।

গত মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে পদ্মাসেতু প্রকল্পের নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটি থেকে নদীতে পড়ে নিখোঁজ হন চীনা প্রকৌশলী জিয়াওয়ের (২৫)। মঙ্গলবার রাত ও বুধবার (২৩) দিনব্যাপী পদ্মা নদীর নিখোঁজের স্থান থেকে ১০-১২ কিলোমিটার এলাকাজুড়ে অভিযান চালায় ডুবুরি দল। কিন্তু তার সন্ধান মেলেনি। এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।

মুন্সিগঞ্জের শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ দেওয়ান মো. আজাদ বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় জানান, আমরা টিম নিয়ে শরিয়তপুরের নড়িয়া পর্যন্ত অভিযান চালাচ্ছি। নদী পাড়ের এলাকায় মাইকিং করা হয়েছে। কোথাও লাশ ভেসে উঠছে কি-না খোঁজ নিচ্ছি।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর বলেন, পদ্মা সেতু এলাকায় নিখোঁজ প্রকৌশলীর সন্ধান পাওয়া যায়নি। মাইকিং চলছে, নদীর পার্শ্ববর্তী সব থানাকে এ বিষয়ে তথ্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শিমুলিয়া তিন নম্বর ফেরিঘাট বরাবর মাঝ নদীতে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বৈদ্যুতিক টাওয়ার নির্মাণ করছিলেন ওই প্রকৌশলী। সেতু সংশ্লিষ্টদের কাছ থেকে তার নিখোঁজের খবর পেয়ে আমাদের উদ্ধার অভিযান চলছে।

এ ব্যাপারে মাওয়া কোস্টগার্ডের কম্পোজিট কমান্ডার বজলুর রশিদ জানান, উদ্ধার অভিযান অব্যহত রয়েছে। কোথাও লাশ ভেসে উঠেছে কি-না সেটাও দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com