মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

নোয়াখালীর চার আসামির রায় মঙ্গলবার

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় নোয়াখালীর সুধারামের আমির আলীসহ চার জনের রায় দেওয়া হবে আগামীকাল মঙ্গলবার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের তিনটি অভিযোগ আনা হয়েছে এ মামলার আসামিদের বিরুদ্ধে।

আজ সোমবার চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ঠিক করেন। গত ৬ ফেব্রুয়ারি যে কোনো দিন রায় দেওয়া হবে বলে সিএভি রেখে দেন ট্রাইব্যুনাল।

এ মামলার আসামিরা হলেন- আমির আলী, মো. জয়নাল আবদিন, মো. আব্দুল কুদ্দুস ও আবুল কালাম ওরফে এ কে এম মনসুর। তাদের মধ্যে মনসুর পলাতক।

প্রসিকিউশনের পক্ষে এ মামলায় শুনানি করেন জাহিদ ইমাম। আসামি পক্ষে ছিলেন আইনজীবী তরিকুল ইসলাম, মিজানুর রহমান, গাজী এমএইচ তামিম ও মাসুদ রানা।

২০১৪ সালের ১৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে ৩০ আগস্ট শেষ হয়। ৩১ আগস্ট তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে তদন্ত সংস্থা। এর ভিত্তিতেই আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com