শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

নির্বাচন প্রশ্নে বিএনপিতে অনৈক্যের সুর

একুশের কণ্ঠ অনলাইন:: একাদশ জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, বিএনপিতেও বিশ্বাস-অবিশ্বাসের খেলা তত তীব্র হচ্ছে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে অনৈক্য এখন প্রকাশ্যে চলে এসেছে। পরিস্থিতি এতটাই জটিল আকার নিয়েছে যে, আগামীকাল শনিবার এই ইস্যুতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাতে এই বৈঠক হবে।

সংশ্লিষ্টরা জানান, খালেদা জিয়াকে ছাড়াই বিএনপির একটি অংশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে চাইছে। এই অংশের নেতারা ধরেই নিয়েছেন, সরকার নির্বাচনের আগে খালেদা জিয়াকে মুক্তি দেবে না। সুতরাং দলের অস্তিত্ব টেকাতে হলে তাকে ছাড়াই নির্বাচনে যেতে হবে। তবে দলের অপর অংশের নেতারা খালেদা জিয়ার মুক্তিকে একমাত্র এজেন্ডা করতে মরিয়া। তাদের যুক্তি, খালেদা জিয়া মুক্তি পেলে নির্বাচন প্রশ্নে যেকোনো অবস্থান নেয়া সহজ হবে।

এই নেতারা এও বলছেন, তিনি (খালেদা জিয়া) ছাড়া আওয়ামী লীগের ‘কূটকৌশল’ মোকাবেলার মত নেতৃত্ব বর্তমানে বিএনপিতে নেই। ফলে তারা দলীয় প্রধানকে ছাড়া কোনোভাবেই নির্বাচনে যেতে রাজি নন। গত ১৭ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যে বক্তব্য দিয়েছেন, সেখানে অভ্যন্তরীণ অনৈক্যই প্রকাশ পেয়েছে।

তিনি ওই অনুষ্ঠানে বলেন, ‘শেখ হাসিনার অধীনে যদি আগামী নির্বাচনে যাই, তাহলে ২০১৪ সালের ৫ জানুয়ারি গেলাম না কেন? বিগত বছরগুলোতে যে নেতাকর্মীরা এত নির্যাতন সহ্য করলেন, তাদের কি জবাব দেব আমরা? বিএনপি নির্বাচনে আসবে বলে সকাল-বিকাল বুলি আওড়াচ্ছেন ওবায়দুল কাদের। জেলে থাকা অবস্থায় শুনেছি, এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি গ্রুপ আমাকে ম্যানেজ করার জন্য জেলেও যাবেন।’

গয়েশ্বর আরও বলেন, ‘আমাদের নেত্রীকে পাশ কাটিয়ে আজকে নির্বাচনের কথা বলা হচ্ছে। এতে আমাদের অনেকেই বাতাস দিচ্ছন। কিন্তু, এতে কোনো কাজ হবে না। আমরা খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যেতে চাই।’

এর ওপর গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির সিনিয়র তিন নেতা কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পারায় নেতাকর্মীদের মধ্যে এমন গুঞ্জন আরও তীব্র হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান দীর্ঘক্ষণ কারা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেও সাক্ষাতের অনুমতি পাননি।

দলটির মধ্যম সারির নেতারা মনে করছেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে দলের সিনিয়র নেতাদের মাধ্যমে খালেদা জিয়াকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নই আসে না। আমাদের একমাত্র লক্ষ্য নেত্রীর মুক্তি। তারপর সিদ্ধান্ত নেয়া হবে নির্বাচনে যাব কি না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে ছাড়া বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাবে, এটা স্রেফ অপপ্রচার। আমাদের কর্মীদের মনোবল ভেঙে দেয়ার জন্য সরকারি তরফে এমন অপপ্রচার ছড়ানো হচ্ছে।’ রিজভীর দাবি, ‘এসব কোনো চক্রান্তই সফল হবে না। জনগণের ঐক্যবদ্ধ দাবির মুখে অপশক্তির পরাজয় ঘটবেই, সেদিন আর বেশি দূরে নেই।’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘নেত্রীকে ছাড়া নির্বাচনে অংশগ্রহণ দূরে থাক, আমরা নির্বাচনী কোনো তৎপরতাও চালাব না। নেত্রীকে মুক্ত করেই আমরা নির্বাচনে যেতে চাই, অবশ্যই সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ।’ তিনি বলেন, ‘দলীয় প্রধানের অনুপস্থিতিতে নির্বাচন প্রশ্নে ভিন্নমত থাকাটাই স্বাভাবিক। কেউ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিজের মত তুলে ধরতে পারেন। তবে এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি, সঠিক সিদ্ধান্ত বেগম জিয়াই নিবেন।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবীবুর রহমান হাবীব বলেন, ‘জোর করে মিথ্যা মামলায় রায় দিয়ে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে বাদ দিয়ে নির্বাচনে যাওয়া মানে তো অপরাধ স্বীকার করে নেয়া। দলের প্রত্যেকটি নেতাকর্মী বিশ্বাস করেন, খালেদা জিয়া কোনো দুর্নীতি করেননি। সুতরাং তাকে বাদ দিয়ে এদেশে কোনো নির্বাচন হবে না।’

উদাহরণ টেনে তিনি বলেন, ‘আগেও দল ছেড়ে ওবায়দুর রহমান, অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী, আব্দুল মান্নান ভূইয়ারা চলে গেছেন। তাদের কেউ সুবিধা করতে পারেননি। এখনও এমন কিছু হলে যারা খালেদা জিয়ার বিপক্ষে অবস্থান নিবেন, তারাই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।’

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন-সংগ্রামের সঙ্গে আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বিএনপি। ইতোমধ্যে বিচারিক আদালতের রায় বাতিল এবং খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আপিল করা হয়েছে। সূত্র : পরিবর্তন ডটকম

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com