শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেছেন, নির্বাচন কমিশনে বিএনপির স্থায়ী প্রতিনিধি আছে। তিনি বলেন, আন্দোলন আর নির্বাচনে না পারলেও বিএনপি শুধু নালিশ করতে জানে। আন্দোলনে ফেল করলে নির্বাচনেও ফেল করে। বিএনপি ফেলের মধ্যেই আছে। তাদের ভাগ্যে বিজয় কবে আসবে জানি না।
রোববার (২৬ জানুয়ারী) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মোটরচালক লীগের সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি বলেন, নেতিবাচক রাজনীতির কারণে মানুষ আর বিএনপির সঙ্গে নেই। শেখ হাসিনার উন্নয়ন, অর্জন বিএনপির নেতিবাচক রাজনীতির ওপর সংকটের যে কালো ছায়া ফেলেছে, সে থেকে বিএনপির নিস্তারের কোনো উপায় নেই।
কাদের বলেন, সিটি নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বিদেশে যাওয়ার সময় সরকারের সকল সংস্থার প্রধানদের বলেছেন, এই নির্বাচনে আমি কোনো ধরনের হস্তক্ষেপ, কোনো ধরনের বাড়াবাড়ি চাই না। কোনো এজেন্সি কোনো প্রকার হস্তক্ষেপ যেন না করে। সেই বিষয়ে ক্লিয়ার মেসেজ দিয়েছেন। এখানে সংশয়ের কোনো কারণ নেই। শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে জনগণ যা চায় তাই হবে। এত কাজ করে জনগণ যদি ভোট না দেয় জবরদস্তি করে জনসমর্থন আদায় করে ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা আমার নেই।
তিনি বলেন, আমাদের পার্টিকেও একই মেসেজ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ঘরে ঘরে যাও, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। কাজেই, আমরা সরকারে পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করব না। এটা পরিষ্কার। আগেও বলেছি এখনো স্পষ্টভাবে বলছি।