শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি: কাদের

নিজস্ব প্রতিবেদক:: সংসদ নির্বাচন আসার আগেই বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সব রকম গ্রহণযোগ্য পন্থায় এবারও নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানান তিনি।

শনিবার (১৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভার শুরুতে ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতির আহ্বানে ও সব দলের সঙ্গে আলোচনা করেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেখানে বিএনপিসহ সব দলের প্রতিনিধিত্ব ছিল। এবারও সব রকম গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে।’

আগাম নির্বাচন বা দলের আগাম সম্মেলনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন আইন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমাদের দলের সম্মেলনও নির্ধারিত সময়ে হবে। আওয়ামী লীগে আগাম সম্মেলনের নজির নেই।’

ওবায়দুল কাদেরের ব্রিফিং শেষে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা রুদ্ধদ্বার বৈঠকে বসে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com