শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

‘নির্বাচনকালীন সরকারে বিএনপিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নেই’-কাদের

একুশের কণ্ঠ অনলাইন:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় বিএনপিকে আমন্ত্রণ জানানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। ৩ মে বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দশম সংসদ নির্বাচনকালে যেভাবে মন্ত্রিসভা পুনর্গঠন করে নির্বাচনকালীন সরকার করা হয়েছিল, একাদশ সংসদ নির্বাচনের আগেও সেভাবেই করা হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই ঘোষণা দিয়েছেন।

এবার সংসদের বাইরে থাকা বিএনপি নেতাদের নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় আমন্ত্রণ জানানো হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, গতবার পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দল হিসেবে বিএনপিকে শুধু সরকারে অংশগ্রহণ নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও অফার করা হয়েছিল। সেখানে গোপনীয়তার কিছু ছিল না। এবার পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দল নয়- এমন কাউকে আমন্ত্রণ জানানোর কোনো চিন্তা-ভাবনা সরকারের নেই। সংবিধানে এমন কোনো সুযোগ আছে বলেও আমার জানা নেই।

সংবিধান অনুযায়ী চলতি জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে। সেই হিসাবে আগামী ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ সংসদ নির্বাচন হতে হবে।

বিএনপি না এলে আওয়ামী লীগ এককভাবে নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কত দলই তো ইলেকশনে অংশগ্রহণ করবে, একক হবে কেন? বিএনপি অবশ্যই একটা বড় দল। কিন্তু তারা নির্বাচনে না এলে জোর করে আনবো নাকি! নির্বাচনটা তাদের অধিকার, এটা কি সরকারের দয়ার দান যে, ডেকে আনতে হবে কেন? খালেদা জিয়া কারাগারে আছেন, তাকে বাদ দিয়ে বিএনপি নির্বাচনে আসবেন কিনা এটা তাদের দলীয় সিদ্ধান্তের ব্যাপার।

খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না- বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, সংবিধান অনুযায়ী অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে যায় সেভাবে হবে, এ প্রক্রিয়া থেমে থাকবে না। বিএনপি আসবে না বলে নির্বাচন হবে না এটা চিন্তা করার কোনো কারণ নেই।

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, তারেক রহমান দণ্ডপ্রাপ্ত, তাই তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের তাগিদ আছে। বিএনপি নেতারা কি চান? তারেক রহমান প্রশ্নে তাদের মধ্যে সমস্যা আছে, সেটা সবাই জানে, এটা নিয়ে আর কথা বলতে চাই না।

আগামী নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নির্বাচনকালীন সরকারের বিষয়টি ‘নিষ্পত্তির’ বিএনপির দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমার মনে হয়, নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির যে অভিযোগ, তা ইসির এখতিয়ারে নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com